বৃহস্পতির বাড়ি ফেরা

২৪ আগস্ট ২০২৬

শ্রাবণের সকাল মিইয়ে যাচ্ছে দিনমণির সদ্য প্রসূত রশ্মির সাথে। ফজরে ইমামের সূরা মুলক তিলাওয়াতের মিষ্টি ঘ্রাণ এখনো ছড়িয়ে আছে বাতাসের গায়। আকাশ স্বচ্ছ সফেদ। থোকা থোকা মেঘ ভেসে ভেসে হারিয়ে যাচ্ছে নীলিমায়। ভাঙা-বাঁকা পলেস্তারার সড়ক মাড়িয়ে, হাওয়ায় দুল খেতে খেতে কমলাপুরের পানে চলছে তিন চাকার অটোরিকশা। হালকা দাড়ি ওঠা তরুণ বেচারা যত্নের সাথে চালাচ্ছে তার রিজিকের যানবাহন। লাব্বাঈক, রাইদা আর বলাকা বাস ক্রস করে করে মিনিট পঁচিশের ভেতরে পৌঁছে যাই রাজধানীর শানদার রেলওয়ে স্টেশনে।

লাইন ক্লিয়ার নিশ্চিত হলেই ‘ঝ’ বগির ঊনচল্লিশ নম্বর আসনে বসে পড়ি। দিন দশেক পূর্বে কাটা সিট, দরদই ভিন্ন। ইঞ্জিন সংযুক্তির পরেই বেজে উঠল পবিত্র কালামের সুর। ‘আলিফ-লাম-রা, তিলকা…’—এর সাথে বিশুদ্ধ উচ্চারণের বঙ্গানুবাদ পরিবেশে এক মোহনীয় আবেশ মেখে দিয়েছে। দিনশেষে সবাই স্বীকার করতে বাধ্য—কেবল রবের নামে শুরু হওয়া যাত্রাই কল্যাণময় হয়। ইত্তেহাদ পাবলিকেশন থেকে পাঠানো হক্কানীর ‘আল-ইমারাতুল ইসলামিয়াতু ওয়া নিজামুহা’-এর অনুবাদ রাখলাম কোলঘেঁষে। পড়তে পড়তে ট্রেনযাত্রা বেশ আনন্দের।

ফোনের ওপাশ থেকে আম্মার “আল্লাহর হাওলা, আল্লাহর কাছে আমানত” আর যাহরার সুধাপূর্ণ দরাজ কণ্ঠস্বর বাড়ি ফেরার তৃষ্ণা দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। কিছুটা টাইমিং লোকসান করে হলেও ঢাকা ছাড়ল জয়ন্তিকা এক্সপ্রেস। বেশ লম্ফঝম্প স্বরে পেরিয়ে যাচ্ছে মজবুত লৌহপথ। তেজস্বী ঘোড়ার মতো পরপর হুইসেল দিয়ে এগিয়ে যাচ্ছে দুর্বার। পেছনে ফেলে চলছে কড়ই, আকাশি, পাটগাছ আর অজস্র বুনোফুল। আর আমরা আনন্দের হিল্লোলে ক্রমশ আম্মার কাছাকাছি হচ্ছি।

পাঠকের ভালোবাসাই রাবতার শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন।

বিস্তারিত
লেখক

ইলিয়াছ আহমদ

সব লেখা দেখুন

লেখাটি শেয়ার করুন

১টি মন্তব্য

  1. শ
    শাহিন মাহমুদ

    আলহামদুলিল্লাহ লেখা গুলা খুবই ভালো লেগেছে।।

আপনার মন্তব্য লিখুন


Review Your Cart (0)

Your cart is currently empty.